রাঙ্গামাটিতে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সার্ধশত বার্ষিকী উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠান মালা শুরু

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য অঞ্চলে বৃটিশ শাসনামলে প্রতিষ্ঠিত প্রাচীন হিন্দু মন্দির রাঙ্গামাটির তবলছড়ি রক্ষাকালী মন্দিরের সার্ধশত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী শহরে বিশাল ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে সিলেটের রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ রক্ষাকালী মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ৩ দিনের ধর্মীয় অনুষ্ঠানমালার সূচনা করেন ।

এ সময় রাঙ্গামাটি পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাঙ্গামাটি রক্ষা কালী মন্দিরের সভাপতি আশীষ কুমার দে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় হতে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে তবলছড়ি রক্ষাকালী মন্দির গিয়ে শেষ হয় । রাঙ্গামাটির হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান সাজে এ ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেয়।

পরে মন্দিরে প্রদীপ প্রজ্জলন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

সার্ধশত বার্ষিকীর আহবায়ক সঞ্জিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। গেষ্টঅব অনার হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এছাড়া রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, এ্যাডভোকেট দুলাল সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটির সদস্য সচিব রনতোষ মল্লিক, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদীব কান্তি দাশ, শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি আশীষ দাশ সহ অন্যান্য সনাতনীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্ধশত বার্ষিকীর সদস্য সচিব স্বপন কান্তি মহাজন। মন্দিরের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক টিটু।

অনুষ্ঠানের প্রথম দিন আজ সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি, দেড়শ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আগামী ৪ ফেব্রæয়ারি শনিবার অনুষ্ঠান সম্পন্ন হবে।