১১ দফা দাবি বাস্তবায়নের দাবীতে রাঙ্গামাটি পুলিশ লাইন্স ও কোতয়ালী থানার পুলিশ সদস্যদের কর্ম বিরতী পালন

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সারাদেশে নৃশংসভাবে নিরীহ পুলিশ হত্যাকান্ডের প্রতিবাদে পুলিশ বাহিনীর ১১দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি ঘোষনা করেছে রাঙ্গামাটির জেলা পুলিশ ও রাঙ্গামাটি কোতয়ালী থানার পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের সুখীনীলগঞ্জ এলাকায় অবস্থিত নতুন পুলিশ লাইনে ও রাঙ্গামাটি কোতয়ালী থানার পুলিশের সদস্যরা এই কর্মবিরতী ঘোষনা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পুলিশ বাহিনীর সদস্যরা। এসময় পুলিশ লাইনে বিক্ষোভে কয়েকশ পুরুষ ও নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় দাবি আদায় ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন পুলিশ সদস্যরা।

কর্মবিরতী থেকে পুলিশ সদস্যরা সারাদেশের সাথে সংহতি রেখে ১১ দফা দাবি জানান। দাবি দাও মেনে না নেওয়া পর্যন্ত কর্মক্ষেত্রে যাবে না বলেও কর্মবিরতী সমাবেশের মাধ্যমে জানানো হয় এবং যেসব পুলিশ কর্মকর্তারর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করে দেশও জাতির কল্যানে ব্যয় করার অনুরোধ জানান।

এসময় তারা বলেন, কিছু কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের কারণে আজকে পুলিশ বাহিনীর এই অবস্থা। আমরা দেশের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই, আমাদের ভুল বুঝবেন না। পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনগণের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করতে চায়।

শেষে সুখীনীলগঞ্জ এলাকায় অবস্থিত পুলিশ লাইন মাঠে ১১ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন পুলিশ সদস্যরা।