॥ ক্রীড়া প্রতিবেদক ॥
করোনাভাইরাসের কারণে সংবাদ সম্মেলন কক্ষে খুব বেশি মানুষ ছিলেন না। মুখগুলো মাস্কে ঢাকা। তবে চোখগুলো স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল তাদের সবার ভেতরে কী ঘটছে। যে মানুষটার জন্য একত্রিত হয়েছেন তারা, সেই লিওনেল মেসি মঞ্চে এসে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। কথা শুরুর আগেই কান্নায় ভেঙে পড়লেন।
নিজেকে সামলে আনুষ্ঠানিক কথাবার্তা যদিও বললেন, কিন্তু এতদিনের চেনা মানুষগুলোর করতালিতে আবারও ভেঙে পড়লেন কান্নায়। মেসির চোখ বেয়ে জলধারা নেমে আসার কারণ এতদিনে সবার জানা। আজই আনুষ্ঠানিকভাবে আশৈশবের ক্লাব বার্সেলোনাকে বিদায় বলে দিলেন তিনি।
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে মেসির। গত জুনে চুক্তির মেয়াদ শেষ হলেও ন্যু ক্যাম্পে থেকে যেতে চেয়েছিলেন। সেভাবে আলোচনাও চলছিল। কিন্তু লা লিগার নিয়মের বেড়াজালে আটকে পড়ায় চুক্তির আর হয়নি। এরই সঙ্গে শেষ হয়ে গেছে তার বার্সেলোনা অধ্যায়। বিদায়বেলায় কান্নাভেজা কণ্ঠে ভক্ত ও সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিদায় বেলায় মেসি বলেছেন, ‘গত মৌসুমে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারেনি। আর এবার থাকতে চাইলাম, কিন্তু থাকতে পারলাম না। এভাবে বিদায় হবে ভাবিনি। তবে আমাকে বিদায় বলতেই হচ্ছে বার্সেলোনাকে। যে ক্লাব আমার সবটুকু জুড়ে আছে।’
#

